ঈদের সিনেমা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

সব জল্পনাকল্পনা শেষে ঈদ উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি নতুন সিনেমা। সিনেমাগুলো হলো—‘রকস্টার’, ‘মালিক’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘মাসুদ রানা’, ‘তছনছ’, ‘অফিসার’ ও ‘পিনিক’। সিনেমাগুলো নিয়ে দর্শকের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। হল থেকে বেরিয়ে অনেকে যেমন সিনেমার প্রশংসা করছেন, তেমনি সমালোচনাও করছেন কেউ কেউ।

এই ঈদে সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স মিলিয়ে সর্বোচ্চ ১০৩টি হলে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত রকস্টার। প্রতিবারের মতো এবারও আলোচনার কেন্দ্রে শাকিব খানের সিনেমাটি। তবে প্রশংসার পাশাপাশি রয়েছে সমালোচনাও। সিনেমায় শাকিব খানের অভিনয়ের প্রশংসা করলেও গল্প নিয়ে দর্শকের রয়েছে আক্ষেপ। চিত্রনাট্য ও গল্পে অসামঞ্জস্যতা রয়েছে বলে দাবি করছেন অনেকে। কেউ কেউ আবার রকস্টারকে টেলিফিল্ম বলেও দাবি করছেন। আগুন নামের এক রকস্টারের গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। এতে শাকিব খানের সঙ্গে আছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক প্রমুখ। এটিকে মিউজিক্যাল ফিল্ম দাবি করলেও কোনো গান দর্শকের মাঝে সাড়া ফেলতে পারেনি। এ নিয়ে হলফেরত দর্শকদের আক্ষেপ দেখা গেছে। এ ছাড়া সিনেমায় নায়কের অতিরিক্ত মাদক গ্রহণের বিষয়টিও অনেকে ভালোভাবে নিচ্ছেন না। তবে পরিচালক মনে করছেন, রকস্টার ধীরে ধীরে মানুষের মন জয় করবে। তাঁর মতে, ইন্ডাস্ট্রিতে এ ধরনের সিনেমার সাফল্য খুব প্রয়োজন। তাহলেই ভবিষ্যতে আরও এক্সপেরিমেন্ট করার সাহস পাবেন নির্মাতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *